চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুক আইডি হ্যাক হওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের উদয় পাথর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জয়নাল, তিনি স্থানীয় বাসিন্দা। অভিযুক্ত বড় ভাই জাফর স্থানীয় যুবদলের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। এরইমধ্যে তাকে পুলিশ হেফাজতে নিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে জাফরের ফেসবুক আইডি হ্যাক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শাহাজাহান নামে এক ব্যক্তির সঙ্গে তার তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে দুজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি শান্ত করতে ছোট ভাই জয়নাল এগিয়ে গেলে ক্ষিপ্ত হয়ে জাফর তার ওপর হামলা চালান।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাফর ধারালো ছুরি দিয়ে জয়নালকে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই জয়নালের মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, জাফর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। যুবদল নেতা মুসা বলেন, ‘জাফরের মতো লোক আমাদের দলে প্রয়োজন নেই। তাকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনকে সহযোগিতা করা হবে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ফেসবুক আইডি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছেন। অভিযুক্ত জাফরকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’


