প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউএনডিপির চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করেন।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান স্টেফান লিলার। তিনি বলেন, ‘ইউএনডিপির দৃষ্টিতে জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত। দেশের গণতন্ত্রও শক্তিশালী হয়েছে।’
প্রধানমন্ত্রী তার সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, এসব উদ্যোগের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও শ্রমবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, ইউএনডিপির স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল রিলেশনস স্পেশালিস্ট কীর্তিজাই পাহাড়ি ও হেড অব গভর্ন্যান্স আনোয়ারুল হক।


