প্রধানমন্ত্রীর নিরাপদ বাসভবন নিশ্চিতের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বগুড়া ইউনিটের সহসাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস আলী মন্ডল রেজিস্ট্রি ডাকযোগে জনস্বার্থে এ নোটিশ পাঠিয়েছেন।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, মূখ্য সচিব, স্থানীয় সরকার সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, সংসদ বিষয়ক সচিব ও পুলিশের মহাপরিদর্শককে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অবিলম্বে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট পিটিশন দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জনসাধারণের জন্য জাদুঘরে রূপান্তর করা হয়েছে। পরবর্তীতে প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য নিরাপদ ও উপযুক্ত একটি সরকারি বাসভবন নির্ধারণ, নির্মাণ বা সংস্কারের বিষয়ে কোনো দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য পর্যাপ্ত নিরাপত্তা, মর্যাদা ও উপযুক্ত আবাসিক সুবিধা নিশ্চিত করা একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়।
এতে আরও বলা হয়, সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী রাষ্ট্রের নির্বাহী বিভাগের নিরাপত্তা, ধারাবাহিকতা ও সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করার স্বার্থে একটি নিরাপদ ও আনুষ্ঠানিকভাবে নির্ধারিত সরকারি বাসভবনের অধিকারী। প্রধানমন্ত্রীর নিরাপত্তা, সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক মর্যাদা রক্ষা করা যুক্তিসঙ্গতভাবে প্রত্যাশিত। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণে আপাত নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা নাগরিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে এবং প্রশাসনিক দায়িত্ব ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে গুরুতর প্রশ্নের উদ্ভব ঘটিয়েছে।


