প্রধানমন্ত্রীর জাপান সফর ঐতিহাসিক অর্জন: রিজভী

প্রধানমন্ত্রীর জাপান সফর ঐতিহাসিক অর্জন: রিজভী
রুহুল কবির রিজভী। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরকে ‘ঐতিহাসিক ও সাফল্যমণ্ডিত’ বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এ সফরে দুই দেশের মধ্যে ২৯৫ দশমিক ৫ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি, লেটার অব ইনটেন্ট ও সমঝোতা স্মারক সই হয়েছে, যা বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার সকালে এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পর সাংবাদিকদের রিজভী জানান, ২৬ থেকে ২৯ তারিখ পর্যন্ত প্রধানমন্ত্রীর জাপান সফরে দুই দেশের সম্পর্ক জোরদারে ‘বিগ বি ফর প্রসপারিটি’ বা অভিন্ন সমৃদ্ধির নীতি গুরুত্ব পেয়েছে।

এ নীতির আওতায় উদীয়মান অর্থনৈতিক সম্পর্ক জোরদার, সরবরাহব্যবস্থার ঝুঁকি নিয়ে আলোচনা এবং প্রযুক্তিগত পরিবর্তন ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

সফরে দুই দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে নানা বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, অর্থনৈতিক সম্পর্ক ও বিনিয়োগের পরিবেশ উন্নত করার বিষয়েও প্রস্তাব এবং সমঝোতা স্মারক সই হয়েছে। কৃষি, বন ও মৎস্য খাতের উন্নয়ন নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ ছাড়া পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে একটি লেটার অব ইনটেন্ট সই হয়েছে।

আরও পড়ুন

রিজভী জানান, প্রধানমন্ত্রী এই সফরে উন্নয়ন সহযোগী, অর্থনৈতিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছেন। তার ভাষায়, দুই দেশের মধ্যে আগে থেকেই সুসম্পর্ক থাকলেও বর্তমান প্রধানমন্ত্রীর এই সফর ঐতিহাসিক ও অত্যন্ত তাৎপর্যমণ্ডিত।

দেশের অর্থনীতি আগের সরকারের আমলে লুটপাট ও অর্থ পাচারের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সেই পরিস্থিতি থেকে অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর এই সফর একটি উল্লেখযোগ্য অর্জন। তারেক রহমানের গতিশীল নেতৃত্বে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থনীতি পুনর্গঠনের যে উদ্যোগ নেওয়া হচ্ছে, এ সফর তার অন্যতম অর্জন বলেও মন্তব্য করেন তিনি।

রিজভীর ভাষায়, ‘আমি মনে করি এই ভিজিট সাফল্যমণ্ডিত হয়েছে এবং এখানে বাংলাদেশের অনেক অর্জন অর্জিত হয়েছে।’

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad