কানাডার টরন্টোয় বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে গোলের খোঁজে প্রথমার্ধ পার করেছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে ক্রোয়েশিয়ার চেয়ে পর্তুগালের দাপট বেশি থাকলেও তা ডেডলক ভাঙার জন্য যথেষ্ট ছিল না। একাধিকবার কাছাকাছি গিয়েও সুযোগ হাতছাড়া হয়েছে তাদের। প্রথমার্ধের খেলা শেষে ম্যাচের স্কোরলাইন পর্তুগাল ০-০ ক্রোয়েশিয়া।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের ইঙ্গিত দেয় পর্তুগাল। মাত্র ৪ মিনিটের মাথায় রাফায়েল লিয়াওয়ের দুর্দান্ত দৌড়ে তৈরি হওয়া এক আক্রমণ থেকে পরপর দুটি জোরালো শট নেন ব্রুনো ফার্নান্দেজ। তবে দুইবার অসাধারণ দক্ষতায় বল রুখে দিয়ে পর্তুগালকে নিশ্চিত গোলবঞ্চিত করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ। এরপর ম্যাচের ২৪ মিনিটে প্রথম হাইড্রেশন ব্রেক দেওয়া পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। প্রথমার্ধের বাকি সময়েও দুই দলের রক্ষণভাগ ভাঙা সম্ভব হয়নি।
আজ পর্তুগাল ও ইংলিশ ক্লাব লিভারপুলের ফরোয়ার্ড দিয়োগো জোতার প্রথম মৃত্যুবার্ষিকী। এক বছর আগে এই দিনে এক গাড়ি দুর্ঘটনায় মারা যান এই পর্তুগিজ ফরোয়ার্ড। এমন এক আবেগঘন দিনে জোতার স্মৃতিকে সঙ্গী করেই এই গুরুত্বপূর্ণ নকআউট লড়াইয়ে মাঠে নেমেছে পর্তুগাল। ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত চলাকালে স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে ওঠে জোতার মুখাবয়ব।
এই ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে এক চাপা উত্তেজনা। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সিতে একসঙ্গে ২২২টি ম্যাচ খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদরিচ। এই দীর্ঘ সময়ে তারা জিতেছেন ৪টি চ্যাম্পিয়নস লিগসহ মোট ১৩টি শিরোপা।
ইউরোপীয় ফুটবলে আধিপত্য বিস্তার করা সেই রিয়ালের মাঝমাঠ থেকে খেলার ছন্দ নিয়ন্ত্রণ করতেন মদরিচ, আর আক্রমণভাগে নির্ভুল ফিনিশিংয়ে গোল করতেন রোনালদো। ফুটবলারের ব্যক্তিগত সর্বোচ্চ স্বীকৃতি ব্যালন ডি’অরও জিতেছেন দুজনে–রোনালদোর ঝুলিতে ৫টি এবং মদরিচের ১টি।
দীর্ঘদিন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সেই দুই বন্ধু মুখোমুখি। তবে প্রথমার্ধে রোনালদো এবং মদরিচ নিজ নিজ দলের পারফরম্যান্সে তেমন কোনো প্রভাব রাখতে পারেননি। আজ হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত–যার অর্থ, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন সময়ের সেরা এই দুই কিংবদন্তির একজন। এখন দেখার বিষয়, বিরতির পর কারা আগে গোল করতে পারে, নাকি বিশ্বমঞ্চে দুই বন্ধুর এই শেষ লড়াই অন্য কোনো নাটকের জন্ম দেয়।
পর্তুগালের একাদশ
দিয়োগো কস্তা (গোলরক্ষক), জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, ক্রিস্টিয়ানো রোনালদো।
ক্রোয়েশিয়ার একাদশ
দমিনিক লিভাকোভিচ, ইয়োসিপ স্তানিসিচ, ইয়োস্কো শুতালো, মারিন পংরাচিচ, ইভান পেরিসিচ, মাতেও কোভাচিচ, লুকা মদরিচ, পেতার সুচিচ, মার্তিন বাতুরিনা, আন্তে বুদিমির, নিকোলা ভ্লাসিচ।


