নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন।
সোমবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন।
আইজিপি বলেন, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। এ ক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে টহল ও তৎপরতা বাড়াতে বলা হয়।
আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ প্রধান।
তিনি বলেন, ঈদে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো ও ফেরার বিষয়টি নিশ্চিত করতে হবে।
থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে সৌজন্যমূলক আচরণের নির্দেশ দিয়ে আইজিপি বলেন, যেন কেউ থানা থেকে অসন্তুষ্ট হয়ে না ফেরেন। মানুষের আস্থা অর্জনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উন্নত করতে হবে। নিরপরাধ কাউকে হয়রানি করা যাবে না বলেও তিনি সতর্ক করেন।
ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিগণসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


