ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটারে বাসের ভাড়া বাড়ল ১১ পয়সা। আন্তঃজেলা ও দূরপাল্লার রুটেও বাসের ভাড়া একই হারে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে ভাড়া বাড়ানো নিয়ে শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ কথা জানান।
তিনি বলেন, বাড়তি ভাড়া বৃহস্পতিবার থেকেই কার্যকর। তেলের দাম বৃদ্ধি বা কমার সঙ্গে ভাড়া আবার সমন্বয় করা হবে।
সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না মন্ত্রী বলেন, ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে রেল ও নৌ পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত রয়েছে বাসভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা।


