জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ বাস্তবায়ন চায় জামায়াতে ইসলামী বলে জানিয়েছেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। বুধবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জুলাই প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন করতে হবে জানিয়ে তিনি বলেন, সে প্রেক্ষিতে বিরোধী দলের যেটুকু প্রাপ্য, সেটুকুই তারা চান। ‘তাই আপাতত আমরা ডেপুটি স্পিকার পদ গ্রহণের বিষয়টি ভাবছি না,’ বলেন তিনি।
দায়িত্বশীল বিরোধীদল হিসেবে ভূমিকা রাখতে চায় জামায়াত উল্লেখ করে তিনি বলেন, সরকার ভুল করলে তারা পরামর্শ দেবেন, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করবেন, আর বিশেষ ক্ষেত্রে আদালতেও যাবেন।
সরকারি দলকে জুলাইকে সম্মান করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বানও জানান তিনি। অন্যথায় এবারের নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। ‘কারণ, সংবিধানের কথা বলা হলে ২০২৬ সালে কোনো ভোট ছিল না,’ বলেন তিনি।
সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সময়মতো জাতি তা দেখতে পাবে। ‘সূর্য উঠলে তখন তার প্রতিফলন দেখা যায়,’ বলেন তিনি।
আসন্ন সংসদ অধিবেশনে স্পিকার ইনসাফ করে বিরোধী দলকে সংসদে যথেষ্ট সুযোগ দেবেন বলেও আশা প্রকাশ করেন জামায়াত আমির।
সংবাদ সম্মেলনের আগে শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধীদলীয় সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সেখানে বৃহস্পতিবারের প্রথম অধিবেশন নিয়ে আলোচনা হয় এবং কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।


