প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করেছেন। রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন তিনি।
এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য-‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’। আজ থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহের নানা কর্মসূচি চলবে ১৩ মে পর্যন্ত।
পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টি নন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি।
এবারের পুলিশের বার্ষিক প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্বে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এটিই বিএনপির সরকারের সময়ে প্রথম পুলিশ সপ্তাহ।
সকাল ৯টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং অতিরিক্ত আইজিপি একেএম আওলাদ হোসেন।
বর্ণাঢ্য এই অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা, পুলিশের অতিরিক্ত আইজিরা, সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।


