বাংলাদেশ পুলিশের পোশাকের রং চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাহিনীর শার্টের রঙ হবে গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই), আর প্যান্ট হবে খাকি রঙের।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, জেলাসহ পুলিশের অন্যান্য ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল রঙের, সব মেট্রোপলিটন পুলিশের জন্য শার্ট হবে হালকা অলিভ (জলপাই) রঙের। তবে পুলিশের সব সদস্যের প্যান্টের রং হবে খাকি।
যদিও এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র্যাব এই পোশাকের আওতামুক্ত থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে পুলিশের কিছু সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে পোশাকের রঙ বদলের সিদ্ধান্ত নেয়। ২০২৫ সালের ১৫ নভেম্বর থেকে সীমিত পরিসরে পুরনো পোশাকের বদলে চালু করা হয় নতুন পোশাক।
তবে লোহা রঙের শার্ট এবং কফি রঙের প্যান্টের যে পোশাকটি চালু করা হয়েছিল, তা নিয়ে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা দিয়েছিল।
তারপরই আবার আলোচনায় আসে পোশাক পরিবর্তনের বিষয়টি। বাহিনীর ভেতর ও বাইরে এই পোশাক নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি পর্যালোচনা করে নতুন পোশাকের রং চূড়ান্ত করেন।


