পুলিশের গাড়িতে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই: ডিবি প্রধান

পুলিশের গাড়িতে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই: ডিবি প্রধান
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পুলিশের গাড়িতে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা-আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনার প্রেক্ষাপটে পুলিশকে জারি করা সতর্কতা কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়, বরং এটি নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দেওয়া একটি ‘রিমাইন্ডার’ বলেও জানান তিনি।

রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাব তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, ‘আমরা জনগণের জানমালের নিরাপত্তা দিয়ে থাকি। পুলিশেরও এর পাশাপাশি নিজেদের নিরাপত্তাটা দেখতে হয়। কাজেই আমরা এ বিষয়ে সবসময় সতর্ক থাকি। তবুও সম্প্রতি কয়েকটা বোমার বিষয় সামনে আসায় কিছু ভুয়া বার্তা ছড়ানো হচ্ছে।’

‘এ বিষয়টি নিয়ে আমরা বেশ তৎপর এবং সব মিলিয়ে আমাদের নিজেদের নিরাপত্তাটা বজায় রাখতে বাড়তি সতর্কতার এমন ‘রিমাইন্ডার’ বিভিন্ন সময় আমাদের দেওয়া হয়ে থাকে। আগেও এমন নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে পুলিশের সব যানবাহন থেকে শুরু করে স্থাপনা যেন নিরাপদ থাকে। এবারও পুলিশকে আবার এমন নির্দেশনা দেওয়া হয়েছে যেন পুলিশ অধিক সতর্ক থাকে,’ যোগ করেন তিনি।

আরও পড়ুন

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘যেহেতু ইদানিংকালে সত্য-মিথ্যা মিলিয়ে একটা ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে, সেজন্য সতর্কতা জারি করা হয়েছে। এটা একটা রিমাইন্ডার।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না ওরকম স্পেসিফিক কিছু নেই, তবে আমরা সবসময় সতর্ক থাকি। আমাদের যারা সিনিয়র অফিসার আছেন তারা আমাদের সুপারভাইজ করেন। আমরা যারা ফিল্ডে থাকি, তারা যেন আরেকটু সতর্ক থাকি সেই জন্য এই রিমাইন্ডার।’

মতিঝিলের ছাতা বোমা নিয়ে প্রশ্ন করা হলে ডিবি প্রধান বলেন, ‘এটার তদন্ত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) করছে আমরা আসলে ছায়া তদন্ত করছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি। তবে এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে তাই এখন কিছু বলা যাবে না।’

এর পিছনে জড়িত কোনো সংগঠনের নাম পাওয়া গেছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এরকম দুই একজন তো থাকবে। এমন ঘটনা কোনো একজন ব্যক্তি ঘটাবে না। কেউ করলে কোনো একটা ম্যান্ডেট প্রচার বা তাদের মতাদর্শ প্রচারের জন্য এরকম কর্মকাণ্ড করে থাকে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad