পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুই প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। বদলি হওয়াদের মধ্যে দুজন ডিআইজি, তিনজন অতিরিক্ত ডিআইজি, পাঁচজন পুলিশ সুপার এবং ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
এর আগে, গত ২ ডিসেম্বর একযোগে বিভিন্ন জেলার আওতাধীন ৫২৭ থানার ওসি চূড়ান্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লটারি করে ওসিদের নির্বাচন করা হয়। তাদের মধ্যে নতুন মুখ ৭৪ জন।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সারা দেশে মোট ৬৩৯ থানার মধ্যে জেলায় আছে ৫২৭ এবং মেট্রোপলিটন এলাকায় ১১০ থানা।
জেলা পর্যায়ের ৫২৭ ওসির মধ্যে ঢাকা রেঞ্জে ৯৮, চট্টগ্রামে ১১১, খুলনায় ৬৪, ময়মনসিংহে ৩৬, বরিশালে ৪৬, সিলেটে ৩৯, রাজশাহীতে ৭১ এবং রংপুরে ৬২ ওসি নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ২৬ নভেম্বর এক প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে লটারির মাধ্যমে পদায়নের কথা জানানো হয়।


