তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে করপোরেট গভর্ন্যান্সে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে দ্বাদশ আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স–২০২৪ এ স্বর্ণপদক জিতেছে এডিএন টেলিকম লিমিটেড।
সোমবার ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন এডিএন টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন এবং কোম্পানি সেক্রেটারি মো. মনির হোসেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী।
দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এডিএন টেলিকম লিমিটেড। দীর্ঘদিন ধরেই গ্রাহকদের আধুনিক প্রযুক্তিনির্ভর নেটওয়ার্ক, উদ্ভাবনী ডিজিটাল পণ্য ও সেবার মাধ্যমে উন্নত ও সংযুক্ত জীবনযাত্রা নিশ্চিত করে আসছে প্রতিষ্ঠানটি।
এর আগে ২০২২ সালে এডিএন টেলিকম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে স্বর্ণ এবং ২০২৩ সালে রৌপ্য পুরস্কার অর্জন করেছিল।


