সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘পিআর পদ্ধতি প্রয়োগ করলে তা শেখ হাসিনার মতো “ফ্যাসিস্ট” বা দুর্বল সরকার তৈরির পথ খুলে দিতে পারে এবং দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হয়ে পড়তে পারে।’
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্সের ১৫ বছর পূর্তি উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হয়।
সালাহউদ্দিন বলেন, ‘পিআর চাওয়ার দুটি উদ্দেশ্য হলো–বেশি বিষয়ভিত্তিক আসন পাওয়া এবং দেশে অনৈক্য সৃষ্টি করে মেজরিটি দলকে ক্ষমতায় না আসার পরিস্থিতি তৈরি করা। পিআর পদ্ধতি কার্যকর হলে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হবে। পিআর মানে হচ্ছে, “পারমানেন্ট রেস্টলেসনেস”।’
তিনি আরও বলেন, ‘কোন পদ্ধতিতে ভোট হবে তা সংবিধানে স্পষ্টভাবে বলা আছে। সংবিধানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা রয়েছে। তা জানতে জামায়াতকে সংবিধান খুলে দেখতে হবে।’
সালাহউদ্দিন অভিযোগ করে বলেন, ‘পিআর পদ্ধতি হতাশ রাজনৈতিক দলের পক্ষে লাভজনক এবং যারা কম জনপ্রিয় তাদের জন্য এটি সহায়ক হতে পারে।’
কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক, অরাজনৈতিক বা অবৈধ কোনো দাবি মেনে নিয়ে জাতিকে বিপদে ফেলা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘এই সরকার সাংবিধানিক সরকার। তাই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে আইনিভাবে সরকারকে চলতে হবে।’


