পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘পার্বত্য শান্তিচুক্তি নিয়ে যে বিষয়গুলো বাকি রয়েছে, সেগুলো প্রধানমন্ত্রী দেখছেন। এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।’
রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রতিমন্ত্রী বলেন, ‘এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত সমন্বয় বৈঠক। এখানে পার্বত্য শান্তিচুক্তির বাকি অংশ বাস্তবায়ন বা এ–সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। বিষয়টি প্রধানমন্ত্রী দেখছেন।’
তিনি বলেন, ‘যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। প্রশাসনের তৎপরতায় চট্টগ্রামে দ্রব্যমূল্যসহ বিভিন্ন বিষয় বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, যা সরকারের একটি সফলতা।’
মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ‘আসন্ন ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে। ঈদের আগে ও পরে চট্টগ্রামকে নিরাপদ রাখতে অপরাধ দমনে সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’


