ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে পাঠ্যবইয়ের সিলেবাসে ‘ল্যান্ড ম্যানেজমেন্ট’ অন্তর্ভুক্তির চিন্তা-ভাবনা করছে সরকার বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
বুধবার দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম: দ্য চেঞ্জ, ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, ভূমি বিষয়ে জনগণের সচেতনতা আগের চেয়ে বেড়েছে। তবে এ বিষয়ে আরও বিস্তৃত শিক্ষা ও সচেতনতা তৈরির উদ্যোগ নিয়ে ভাবছে সরকার। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ‘ল্যান্ড ল’ বিষয়ে আলাদা বিভাগ রয়েছে; ভবিষ্যতে বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রমেও ভূমি ব্যবস্থাপনা অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, “প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে একপর্যায়ে গিয়ে ভূমি ব্যবস্থাপনা বিষয়ে পড়ানো ও ভূমি সম্পর্কে জানানো প্রয়োজন বলে সরকার ভাবছে।”
শহিদুল ইসলাম আরও বলেন, জেলা পর্যায়ের কর্মশালা ও সেমিনারের পাশাপাশি ভূমি ব্যবস্থাপনা বিষয়ে প্রচার কার্যক্রম গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে সম্প্রসারণ করা হবে।
ভূমি ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতি কমানো, স্বচ্ছতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি দূর করতে ভূমি অটোমেশন ব্যবস্থাপনা নিয়ে উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া-মহল্লা পর্যায়ে প্রচারণা চালানোর কথাও জানান তিনি।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আশরাফুল ইসলাম। জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক আবু জাফর, পুলিশ সুপার মোজাম্মেল হকসহ অন্য কর্মকর্তারা।


