জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।
একই সঙ্গে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, আব্দুস সোবহান তরফদার, গাজী এমএইচ তামিম ও প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন।
শুনানিতে প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান জানান, এই মামলার আসামিরা পলাতক রয়েছেন। এ কারণে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগসহ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য সময়ের আবেদন করেন।
শুনানি শেষে আদালত আগামী ১৯ এপ্রিল অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য দিন ধার্য করে।
শামীম ওসমান ছাড়াও এই মামলার আরেক আসামি তার ছেলে অয়ন ওসমান। মামলার বাকি ১০ আসামির নাম এখনো প্রকাশ করেনি প্রসিকিউশন।
গত ১৯ জানুয়ারি এ মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা, চাষাড়া ও সাইনবোর্ড এলাকায় ১০ জনকে হত্যা করা হয়। এর পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়।
প্রসিকিউশন জানিয়েছে, নারায়ণগঞ্জে জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের অন্যতম আসামি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান। ছাত্র-জনতার আন্দোলনে আসামিরা সবাই অস্ত্রধারী ছিলেন।


