কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৪৩ বস্তা টাকা। এখন চলছে গণনার কাজ। দীর্ঘ ছয় মাস পর শনিবার সকাল ৭টার দিকে দানবাক্সগুলো খোলা হয়। সংশ্লিষ্টদের ধারণা, এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে দানের পরিমাণ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিবের উপস্থিতিতে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়।
দানবাক্স থেকে বের করা টাকাগুলো প্রথমে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। পরে সেখানে ঢেলে শুরু হয় দীর্ঘ সময়ের গণনা কার্যক্রম।
জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, ‘এবার দানবাক্স খুলে ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। বর্তমানে গণনার কাজ চলছে। গণনা শেষ হলে মোট দানের পরিমাণ জানানো হবে।’
অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, ‘দানবাক্স খোলা থেকে শুরু করে টাকা গণনা এবং ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
টাকা গণনায় অংশ নিয়েছেন পাগলা মসজিদ-সংলগ্ন মাদ্রাসার ১১০ জন, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ শিক্ষার্থী, মসজিদের ৩৩ জন কর্মচারী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে, গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে ৩৫ বস্তা টাকা পাওয়া যায়। ওই সময় তিন মাস ২৭ দিনে দানবাক্সে জমা হয়েছিল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এ ছাড়া দানবাক্স থেকে বৈদেশিক মুদ্রা, সোনা এবং রুপাও পাওয়া গিয়েছিল।
দানবাক্স খোলার খবর ছড়িয়ে পড়লে মসজিদ প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় জমে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা নিয়মিত নগদ অর্থের পাশাপাশি হাঁস-মুরগি, গরু, ছাগলসহ বিভিন্ন সামগ্রী দান ও মানত করে থাকেন এ মসজিদে। এবারও গণনা শেষে নতুন রেকর্ড গড়ার অপেক্ষায় রয়েছে পাগলা মসজিদ।
এবারও দানবাক্স খোলার পর থেকেই গণনা দেখতে মসজিদের আশপাশে ভিড় জমিয়েছেন উৎসুক মানুষ।
কিশোরগঞ্জের হারুয়া এলাকায় নরসুন্দার তীরে প্রায় ১০ শতাংশ জমির ওপর অবস্থিত ঐতিহাসিক এই পাগলা মসজিদ অবস্থিত।
পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স পরিচালনার জন্য ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটি রয়েছে। এই কমিটিতে জেলা প্রশাসক সভাপতি এবং কিশোরগঞ্জ পৌরসভার মেয়র প্রশাসক সাধারণ সম্পাদক। এ ছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, আইনজীবী, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধারা এ কমিটিতে রয়েছেন।


