পহেলা বৈশাখ ও বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তিনি জানান, প্রতিবারের মতো এবারও দেশজুড়ে পহেলা বৈশাখের উদযাপন ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার ঢাকার রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন র্যাব মহাপরিচালক।
তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট হুমকির তথ্য পাওয়া যায়নি। তবে কোথাও যেন কোনো গোষ্ঠী অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি ও মাঠপর্যায়ের তৎপরতা জোরদার করা হয়েছে।’
নববর্ষ উপলক্ষে সারাদেশে র্যাবের ১৫টি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করবে জানিয়ে আহসান হাবীব পলাশ বলেন, অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সদস্যরা মাঠে থাকবে। পাশাপাশি নিরাপত্তা জোরদারে ১৮১টি পিকআপ পেট্রোল টিম ও ১২৭টি মোটরসাইকেল পেট্রোল টিমসহ মোট ৩০৮টি টহল টিম মোতায়েন থাকবে। পাশাপাশি সাদা পোশাকেও র্যাব সদস্যরা নজরদারি চালাবেন।
ঢাকায় শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ, বাংলা একাডেমি ও রমনা বটমূলসহ যেসব স্থানে নববর্ষের অনুষ্ঠান হচ্ছে, সেসব জায়গায় নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি।
আহসান হাবীব বলেন, বিভিন্ন স্থানে চেকপোস্ট, টহল ও অবজারভেশন পোস্ট বসানো হয়েছে। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াড শেষ মুহূর্তের নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এসব ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।
সম্ভাব্য নাশকতা বা হামলার ঝুঁকি মোকাবিলায় র্যাবের স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত আছে জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রতিটি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে। এ ছাড়া র্যাব সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকেও সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
গুজব, উসকানিমূলক বার্তা বা ভুয়া তথ্য ছড়িয়ে কেউ যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য র্যাবের সাইবার মনিটরিং টিম সক্রিয় করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে আসা নারীদের উত্ত্যক্ত করা বা যৌন হয়রানি ঠেকাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


