জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচনের আগে গণভোটসহ তিন দফা দাবিতে ঢাকার পল্টনে জড়ো হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
এখান থেকেই একটি সমন্বিত মিছিল নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেবে তারা।
এ উপলক্ষে বেলা সাড়ে ৯টা থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টনে জড়ো হয় দলের নেতাকর্মীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
দলগুলো হলো—জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
বৃহস্পতিবারের গণমিছিল কর্মসূচি গত সোমবার ঘোষণা করেছিল দলগুলো। এরপর আগামী ১১ নভেম্বর সমাবেশ করবে জামায়াত ও সমমনা ৮ দল।


