ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে সজীব হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব হোসেন উপজেলার লড়াইঘাট মাঠপাড়া গ্রামের সানোয়ার খানের ছেলে। তিনি পদ্মপুকুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সজীব মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন। পথে অনন্তপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সজীব গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


