অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা। এরা হলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া এই দুইজন ছিলেন উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি।
বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন বলে টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন একজন উপদেষ্টা।
এর মধ্যে আসিফ মাহমুদ ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। আর মাহফুজ আলমের দায়িত্বে ছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।
প্রথমে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয় সেখানে ছিলেণ জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব শিক্ষার্থীদের তিন প্রতিনিধি।
যার মধ্যে নাহিদ ইসলাম পান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব, আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণায়ের দায়িত্ব পান।
অন্যদিকে মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছিলেন। পরে নাহিদ রাজনীতিতে যোগ দিতে পদ ছাড়লে মাহফুজকে দেওয়া হয় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।


