পটুয়াখালীর দুমকিতে টমটম এবং অটোবাইকের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২ জন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাউফল সড়কের রাজাখালি শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মালামাল পরিবহনের টমটম এবং অটোবাইক সংঘর্ষে অটোবাইকে থাকা দুই যাত্রী রবিউল (৬) ও ইব্রাহীম (৫৫) নিহত হন।
আহত হন, মো. সুমন সর্দার (২৫), আবদুল কাদের (৫০)। তাদের গ্রামের বাড়ি বাউফলের ঝিলনা ও কলতা এলাকায়।
স্থানীয়রা জানায়, লিঙ্করোড থেকে মালামাল পরিবহনের স্যালো ইঞ্জিনচালিত টমটমের সঙ্গে অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোবাইক উল্টে শিশুসহ চার যাত্রী গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ও ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন।
আহত অন্য দুইজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, মরদেহের সুরতহাল করে মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা দায়ের এবং তদন্ত প্রক্রিয়াধীন।


