ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। একই সঙ্গে দীর্ঘদিন মহাসচিবের দায়িত্ব পালন করা ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।
শনিবার রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত দলের মজলিসে শুরার বিশেষ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অধিবেশনে বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে দিয়ে শীর্ষ নেতৃত্বে রদবদল আনা হয়েছে।
দলের কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়তুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী মূল্যায়নে প্রার্থী বাছাই এবং স্থানীয় পর্যায়ে কর্মীদের নিষ্ক্রিয়তাসহ কয়েকটি সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে।
গাজী আতাউর রহমান এর আগে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর ইউনুছ আহমাদ ২০০৮ সাল থেকে টানা মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।


