পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় সোহেল নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আলমগীর (২৫)।
সোমবার সকাল ১০ টায় উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা সামা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সকালে মহাসড়ক পার হতে গিয়ে বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেল সোহেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোহেল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হবে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


