নোয়াখালীর হাতিয়া উপজেলায় ফেরি উদ্বোধনের সময় স্লোগান দেওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে বিএনপির সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে হাতিয়ার নলছিরা ফেরিঘাটে নৌপরিবহন মন্ত্রণালয়ের পূর্বঘোষিত ফেরি উদ্বোধন কর্মসূচির সময় সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরি উদ্বোধন উপলক্ষে নলছিরা ফেরিঘাট এলাকায় এনসিপি, জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। এ সময় ফেরি চালুর পেছনে আব্দুল হান্নান মাসউদের ভূমিকার কথা উল্লেখ করে এনসিপি নেতাকর্মীরা শাপলা কলির পক্ষে স্লোগান দেন। এর জবাবে বিএনপির নেতাকর্মীরা পাল্টা স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে পাল্টাপাল্টি স্লোগান থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে এনসিপি ও জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। সংঘর্ষ শেষে বিএনপি সমর্থিত এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনার প্রতিবাদে হাতিয়া থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ।
ঘটনার নিন্দা জানিয়ে এআব্দুল হান্নান মাসউদ অভিযোগ করেন, ‘পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের ব্যবহার করে বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান শামীম হাতিয়ায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চাইছে।’
এ হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করা পর্যন্ত থানা ঘেরাও কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে।
এলাকায় যেন আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


