নোয়াখালীর বেগমগঞ্জে একটি পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাম্পের কর্মচারীসহ অন্তত ৩ জন আহত হয়েছেন।
শুক্রবার রাতে উপজেলার ‘মেসার্স এম জহিরুল ইসলাম পেট্রোল পাম্পে’ এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পাম্পটিতে তেল নিতে আসা গ্রাহকদের দীর্ঘ সারি ছিল। এ সময় একটি নির্দিষ্ট চক্র সিরিয়াল অমান্য করে বারবার তেল নেওয়ার চেষ্টা করলে পেছনে অপেক্ষায় থাকা মোটরসাইকেল চালকরা তাতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি শুরু হয়।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে গেলে পাম্পের কর্মচারীরা আহত হন। এ সময় উপস্থিত অন্যান্য চালকরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী চক্রের দুই সদস্যকে ধরে পিটিয়ে হাসপাতালে পাঠায়।
পরে তারা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। নিরাপত্তার স্বার্থে পাম্পটিতে জ্বালানি তেল সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুজ্জামান জানান, দুজন লোক অতিরিক্ত তেল নিতে গেলে উপস্থিত অন্যান্য চালকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাধারণ মানুষ ক্ষুব্দ হয়ে তাদেরকে মারধর করলে তারা হাসপাতালে চিকিৎসা নিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনায় আর কেউ আহত হবার খবর পাওয়া যায়নি।


