নেত্রকোনা সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক মাদ্রাসা শিক্ষক ও সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আমতলা সাপমারা ও কাইলাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আমতলা সাপমারা গ্রামের খাতুনের জান্নাত মহিলা মাদ্রাসার শিক্ষক জামাল মুন্সি ও কাইলাটি গ্রামের সিএনজিচালক সবুজ মিয়া।
স্থানীয়রা জানান, জামাল মুন্সি ফজরের নামাজ শেষে সকাল সাড়ে ৬টার দিকে মাদ্রাসার পাশে বৃষ্টির মধ্যে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। বৃষ্টি কমলে পথচারীরা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে একই দিন সকালে সবুজ মিয়া অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় বজ্রপাতের শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বারী বলেন, বজ্রপাতে মাদ্রাসা শিক্ষক ও অটোরিকশাচালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।


