কুমিল্লার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমন্ত এক নারীকে ধর্ষণের অভিযোগে খোকন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ৩০ জুন ভোররাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে বিজয়পুর বাজারের একটি দোকানের সামনে এই ঘটনা ঘটে। শনিবার সিসিটিভি ফুটেজ ভাইরাল হলে বিষয়টি প্রকাশ্যে আসে।
ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৮ মিনিটের দিকে ফুটপাতে ঘুমন্ত এক নারীর কাছে সাদা শার্ট ও লুঙ্গি পরা এক ব্যক্তি এসে তাকে ধর্ষণ করে দ্রুত পালিয়ে যায়। পরে বাজারের এক পাহারাদার এসে ওই নারীকে দেখতে পান।
ভিডিও দেখে পুলিশ দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে খোকনকে শনাক্ত করে। স্থানীয়দের দাবি, সে চিহ্নিত জুয়াড়ি।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই তদন্ত শুরু হয়। শনিবার সন্ধ্যায় বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে খোকনকে আটক করা হয়। রোববার তাকে আদালতে পাঠানো হবে।
সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, ভুক্তভোগী নারীর পরিচয় শনাক্ত ও চিকিৎসার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


