নেত্রকোনায় নিখোঁজের দুই দিন পর জান্নাতুল নামক ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার কলমাকান্দা উপজেলার পাগলা ইউনিয়নের সনুড়া-জসিউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল ওই গ্রামের আসাদ মিয়ার মেয়ে।
পুলিশ জানিয়েছে, গত ৪ মে বিকেল থেকে নিখোঁজ ছিল জান্নাতুল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন ৫ মে পরিবারের পক্ষ থেকে কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার ভোরে স্থানীয়রা পরিত্যক্ত ধানক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শিশুটির মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’


