বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করছেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।
রোববার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গোয়েন লুইসের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকাস্থ জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী অফিসের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘দেশের বর্তমান পটভূমি, নির্বাচন ও গণতান্ত্রিক ভবিষ্যত নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।’
‘গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনতে জাতিসংঘের যে প্রতিশ্রুতি, তা নিয়েও কথা হয়েছে। ফেব্রুয়ারির নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে, রোহিঙ্গাদের যত দিন প্রত্যাবাসন না হয়, তত দিন তাদের বিষয়ে জাতিসংঘ কাজ করতে সমর্থন ব্যক্ত করেছে,’ বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের শাসন ব্যবস্থা কীভাবে ফিরিয়ে আনা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।’
বৈঠকে গোয়েন লুইস বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশের জন্য এখন গুরুত্বপূর্ণ মুহূর্ত। জাতিসংঘ নির্বাচন কমিশনকে সমর্থনের জন্য যথাসাধ্য চেষ্টা করছে। প্রযুক্তিগত স্তরে সবকিছু ঠিকঠাক আছে কি না, তা নিশ্চিত করছে।
ঐকমত্যের প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ঐকমত্য তৈরির ক্ষেত্রে কাজ করেছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, যাতে এ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যায়। শরণার্থীদের প্রতি অবিশ্বাস্য আতিথেয়তা দেখানোয় বাংলাদেশকে তিনি সাধুবাদ জানান।
বৈঠকে বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্র নীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।


