প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে মাদারীপুর জেলার নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার আপামর জনগণ। একই সঙ্গে ঢাকা বিভাগ থেকে মাদারীপুরকে আলাদা করায় প্রতিবাদও জানান তারা।
রোববার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে এ মানববন্ধন হয়। এ সময় জেলাপ্রশাসক মোছা: ইয়াছমিন আক্তারের কাছে স্মারক লিপি দিয়ে ঢাকা বিভাগেই থাকার দাবি জানান সর্বস্তরের জনতা। এ স্মারকলিপি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে পৌঁছে দেওয়ারও আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি নেয়ামত উল্লাহ্, নিরাপদ চিকিৎসা চাই, মাদারীপুরের সভাপতি মশিউর রহমান পারভেজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনায়েত হোসেন নান্নু, ইমাম-মুয়াজ্জমি সমাজ কল্যান সমিতির সাধারন সম্পাদক মাওলানা জাহিদুল ইসলামসহ অনেকে।
তারা স্পষ্ট ভাষায় বলেন, ‘আমরা ঢাকা বিভাগ ছেড়ে অন্য কোন বিভাগে যুক্ত হব না। মাদারীপুরের সীমানা কোনোদিন ফরিদপুরে হবে না।’


