গণভোটে ‘না’ জয়যুক্ত করতে বিভিন্ন মাধ্যমে যে প্রচার চালানো হচ্ছে তাতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরা।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজের সঙ্গে দেখা করে এ আশঙ্কার কথা জানান তারা।
এসময় জুলাই গণঅভ্যুত্থানে নিহত ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সমাজের বিভিন্ন শক্তিশালী বলয় থেকে যেভাবে “না” ভোটের প্রচারণা শুরু হয়েছে তাতে জুলাই শহীদ পরিবারের সদস্যরা ইনসিকিউরড ফিল করছেন।’
এসময় জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে আসন্ন গণভোটে ভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করতে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানানো হয়।
কার্যক্রমের মধ্যে রয়েছে, পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন, ঢাকায় সমাবেশ, অন্যান্য বিভাগীয় ও জেলা শহরগুলোতে সমাবেশ, জুলাই সনদ ও গণভোটের প্রচারপত্র বিলি, মাইকিং ইত্যাদি।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘যারা জীবনের বিনিময়ে বাংলাদেশের জন্য একটি আলোকিত আগামী আনতে জীবন উৎসর্গ করেছেন তারা জাতির চিরন্তন প্রেরণার উৎস।’
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।
এছাড়া জুলাই শহীদ পরিবারগুলোর পক্ষে উপস্থিত ছিলেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ ইয়ামীনের বাবা মো. মহিউদ্দিন, শহীদ শাহরিয়ারের বাবা মো. আবদুল মতিন, শহীদ রিয়ানের বাবা মো. গোলাম রাজ্জাক, শহীদ আবদুল্লাহর ভাই মো. গাউছ উল্লাহ, শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন, শহীদ আবদুল হান্নানের ছেলে সাইফ আহমেদ খান, শহীদ মোস্তাসিরের বাবা সৈয়দ গাজীউর রহমান, শহীদ জোবায়েরের বাবা মো. কামাল উদ্দিন, শহীদ ফাহমিনের মা কাজী লুলুল মাখমিন, শহীদ নাইমার মা আইনুন নাহার, শহীদ সোহেলের স্ত্রী মরিয়ম খানম এবং শহীদ মনিরের মেয়ে রুফাইদা ইসলাম চাঁদনী।


