দেশের মালিকানা ফেরত পেতে ধানের শীষে ভোট দিন: সালাহউদ্দিন

দেশের মালিকানা ফেরত পেতে ধানের শীষে ভোট দিন: সালাহউদ্দিন
নির্বাচনী পথসভায় বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বিকালে চকরিয়া উপজেলার উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে | ছবি: আনছার হোসেন/টাইমস
Advertisement
Advertisement

দেশের মালিকানা ফেরত পেতে সনাতন ধর্মাবলম্বীদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এ দেশের মানুষের ব্যক্তিগত স্বাধীনতা ছিল না। জনগণ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন সেই অধিকার ফিরে এসেছে। আমরা সবাই এই দেশের রাজত্বের রাজা। জনগণই দেশের প্রকৃত মালিক। দেশের মালিকানা ফেরত পেতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন।’

মঙ্গলবার বিকালে চকরিয়া উপজেলার উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কাকারা ইউনিয়ন বিএনপি আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করেছে।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার একমাত্র বিএনপির হাতে সুরক্ষিত। এবারের নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়ার ভবিষ্যৎ।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘এই নির্বাচন একটি পরীক্ষা। স্বাধীন ও মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ গণতন্ত্রের প্রকৃত স্বাদ পাবে। সে কারণে এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আগামী সংসদ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটের মাধ্যমে যে সংসদ গঠিত হবে, সেখানে জনগণের অধিকার রক্ষা, গণতন্ত্র সুসংহত করা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাধিক আইন প্রণয়ন ও প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করা হবে।’

পথসভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আরও বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা নিশ্চিত করবে, যাতে সনাতন ভাইবোনেরা নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারে এবং স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। এটি শুধু ভোটের দিনের জন্য নয়, আজীবনের জন্য বিএনপি ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কাজ করবে।’

কাকারা ইউনিয়ন বিএনপির সভাপতি এম. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, জেলা ওলামা দলের সভাপতি আলী হাছান চৌধুরী, জমিয়াতে উলামায়ে ইসলামের জেলা আহ্বায়ক শামসুদ্দিন আলতাফ, সদস্য সচিব আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছাইফুল ইসলাম ছাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad