নারীর মর্যাদা ও ন্যায্য অধিকারের প্রতি সমর্থন ও সম্মান জানিয়ে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে জলতরঙ্গ। ‘শোন আহ্বান’ নামে এই অনুষ্ঠানটি আগামী ৮ মে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জলতরঙ্গ জানিয়েছে, মানব সভ্যতার পেছনে নারীর ভূমিকা অনস্বীকার্য। সভ্যতা ও সংস্কৃতি শব্দ দুটি নির্বিচারভাবে ব্যবহৃত হলেও দুটির মধ্যে পার্থক্য আছে। সভ্যতা ও সংস্কৃতি- এই শব্দগুলোর অর্থ তাত্ত্বিকদের কাছে কখনো এক, কখনো আলাদা। যুগ যুগ ধরে নারীকে অবদমনের চেষ্টা করা হয়েছে। পুরুষের পাশাপাশি নারীর যে শক্ত একটা অবস্থান তৈরি হয়েছে তা ভেঙে দিতে চেয়েছে কেউ কেউ সর্বদাই। অথচ, এই নারীরাই পুরুষদের পাশে থেকে নিজেকে প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত করে গড়ে তুলেছেন। নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে, নিজেদের অধিকার রক্ষা করতে এই বাংলার প্রতিটি নারীকে যে যুদ্ধের মধ্য দিয়ে যেতে হয়েছে, জলতরঙ্গ সে লড়াইকে সম্মান করে।
সেখানে আরও বলা হয়েছে, অর্থনীতির স্থুল মাপকাঠিতে আমাদের জীবনমানের বস্তুগত উন্নতি হলেও সমাজে নানা অস্থিরতা, অনিশ্চয়তা, বৈষম্য ও দ্বন্দ্ব-সঙ্ঘাত বিরাজ করছে। সে সঙ্গে ঘটছে নীতি-নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়, যা আমাদের মনোজগতে নেতিবাচক প্রভাব ফেলছে। সমাজ রূপান্তরে সংগীত হলো সম্ভবত সবচেয়ে শক্তিশালী মাধ্যম। সংগীতের আবেদন সর্বজনীন। সংগীত আমাদেরকে আকর্ষণ করে, স্বস্তি দেয়, উজ্জীবিত করে এবং অনেকটা অবচেতন ভাবেই আমাদের মনোজগত ও সামাজিক আচরণের ওপর প্রভাব ফেলে। সংগীতের সঙ্গে মানুষের এই যে আত্মিক যোগাযোগ, তা দিয়ে সমাজকে আলোড়িত করা যায়, সুস্থ মনমানসিকতা তৈরি করা যায়, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠতে উদ্বুদ্ধ করা যায়। এ লক্ষ্যেই গত প্রায় এক দশক ধরে জলতরঙ্গ কাজ করে চলেছে। সমাজের কাছে জলতরঙ্গের দায় একটি সুস্থ সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলা, একটি সমৃদ্ধ প্রজন্ম তৈরি করা।
জলতরঙ্গ এই অনুষ্ঠানটিকে সাজিয়েছে বাংলার নারীদের জীবন নিয়ে রচিত বিভিন্ন গান-কবিতার মিশেলে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সলিল চৌধুরীসহ বিখ্যাত ব্যাক্তিদের রচিত প্রচলিত ও অপ্রচলিত ভিন্নস্বাদের নানান গান ও কবিতা দিয়ে সাজানো হয়েছে এই আসরটি। জলতরঙ্গের নিয়মিত শিল্পীদের পাশাপাশি এই অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে আবৃত্তি করবেন বরেণ্য বাচিকশিল্পী, মুক্তিযোদ্ধা ডালিয়া আহমেদ ও দেশের প্রথম এভারেস্ট জয়ী নারী নিশাত মজুমদার।
ম্রো আদিবাসী সম্প্রদায় থেকে এ বছরই প্রথমবারের মতো একজন নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেছে। সেই যাপাও মুরুংকেও জলতরঙ্গের এই আয়োজনে দেখা যাবে। জলতরঙ্গ তাকে সম্মান জানাবে।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় থাকবেন জাকির হোসেন তপন ও তানভীরা আশরাফ শ্যামা। জলতরঙ্গের এই আসর শুভ-চিন্তায় সক্ষম, নারীর অধিকারে বিশ্বাসী সকল মানুষের জন্য উন্মুক্ত।


