জলতরঙ্গ শুক্রবার (৮ মে) আয়োজন করেছিল ‘শোন আহ্বান’ শীর্ষক এক সাংস্কৃতিক সন্ধ্যার। নারীর মর্যাদা ও ন্যায্য অধিকারের প্রতি সমর্থন ও সম্মান জানিয়ে এটি বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জলতরঙ্গ এই অনুষ্ঠানটিকে সাজিয়েছিল বাংলার নারীদের জীবন নিয়ে রচিত বিভিন্ন গান-কবিতার মিশেলে। শুক্রবার ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে জলতরঙ্গ তাদের অনুষ্ঠানটি শুরু করে তারই রচিত দুটি গান ‘সবারে করি আহ্বান’ ও ‘সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান’ দিয়ে। এরপর একে একে রবীন্দ্রনাথ ঠাকুরের আরো কিছু গান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সলিল চৌধুরীসহ বিখ্যাত ব্যক্তিদের রচিত প্রচলিত ও অপ্রচলিত নানা স্বাদের গান ও কবিতা নিয়ে অনুষ্ঠানটি এগিয়ে যায়।
জলতরঙ্গের নিয়মিত শিল্পীদের পাশাপাশি এই অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে কবিতা আবৃত্তি করেন বরেণ্য বাচিকশিল্পী, মুক্তিযোদ্ধা ডালিয়া আহমেদ ও দেশের প্রথম এভারেস্ট জয়ী নারী নিশাত মজুমদার। ডালিয়া আহমেদ কবি কাজী নজরুল ইসলাম-এর ‘নারী’ কবিতা এবং নিশাত মজুমদার রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অপমানিত’ কবিতাটি আবৃত্তি করে শোনান। জলরঙ্গের শিল্পীদের অসাধারণ পরিবেশনা ও অতিথিশিল্পীদের অনবদ্য আবৃত্তি অনুষ্ঠানে একটি ভিন্ন মত্রা যোগ করে।
ম্রো আদিবাসী সম্প্রদায় থেকে এ বছরই প্রথমবারের মত একজন নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার সুযোগ লাভ করেছে। সেই যাপাও মুরুংকেও জলতরঙ্গের এই আয়োজনে দেখা যায়। জলতরঙ্গ ডালিয়া আহমেদ, নিশাত মজুমদার ও যাপাও মুরুংকে ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মান জানায়।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন জাকির হোসেন তপন ও তানভীরা আশরাফ শ্যামা।


