নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকায় একটি ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও তাদের চার বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পুলিশ দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন- হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৮) এবং চার বছরের সন্তান আফরান। শিপলুর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকায়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শিপলু তার পরিবারকে নিয়ে বউবাজারের পলাশ ভূঁইয়া সাততলা ভবনের চতুর্থ তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, রোববার রাতে কিংবা সোমবার দুপুরের মধ্যে ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, শিপলু তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর পাশের ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।
হাবিবুল্লাহ শিপলু ‘রমজান সমিতি’ নামক একটি সমিতির ম্যানেজার ছিলেন, যা করোনাকালীন বন্ধ হয়ে যায়। জানা গেছে, ওই সমিতির গ্রাহকরা সমিতির নিকট টাকা পাওনা রয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ঘরের দরজা ভেতর থেকে লক ছিল, এবং এটি নির্দেশ করছে যে শিপলু তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে।


