নারায়ণগঞ্জের বন্দর এলাকার আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা সবাই ওই কারখানার কর্মচারী।
শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, ফেরদৌস (৩৮), রাকিব (২৫), মঞ্জু (২৮), তারেক (২১), বাবুল (৩০), খোরশেদ (২৮) ও হাবিব (৩৫)।
দগ্ধদের সহকর্মীরা জানান, রাতে কারখানার ভেতর কাজ করার সময় বয়লার থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। তখন আশপাশে থাকা কর্মচারীরা দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের সবার অবস্থায়ই গুরুতর। কারও শরীরের ১৪ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। এদের মধ্যে তিনজনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।


