নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঘর নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবির জেরে দুই গ্রুপের মধ্যে টেঁটাযুদ্ধের ঘটনা ঘটেছে।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার দেওলী এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের নারীসহ চারজন টেঁটাবিদ্ধ হয়েছেন। সব মিলিয়ে আহত হয়েছেন অন্তত ১২ জন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার, বন্দর থানার ওসি লিয়াকত আলী এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা স্থানীয় মসজিদের মাইক থেকে এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানান।
সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন- শিরিন, জুবায়ের, আ. মালেক, রুহুল আমিন, ওমর ফারুক, মাকসুদ, আমির হোসেন, রিনা বেগম, রুনা আক্তার, পারভেজ, বাসেদ ও নাদিম ।
ঘটনার পর এক পক্ষের আসমা আফরিন বাদী হয়ে বন্দর থানায় মো. সাহিদ (৩২), নাহিদ (৩৪), নাদিম (৩৮), বাসেদ (৫৫), রোমান (৩২), জুয়েল (২৮), পারভেজ (৩০), আল রেখা (৩০), মাহবুব (৩২) ও সুমন (৩৫)-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, আসামিরা চিহ্নিত ভূমিদস্যু ও চাঁদাবাজ। ঘর নির্মাণে বাঁধা ও চাঁদা দাবির জেরে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে।
বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, ‘উভয় পক্ষের মামলা নেয়া হবে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’


