শুক্রবার সকাল ১০টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই টেস্টের প্রথম দিন গ্যালারিতে উপস্থিত থাকবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। পিসিবি সংশ্লিষ্ট ঘনিষ্ঠ এক সূত্রে জানা গেছে, তার সাথে পিএসএল ও পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তারাও থাকবেন।
বিসিবি সুত্রে জানা গেছে, পূর্ব নির্ধারিত দুই দিনের রাষ্ট্রীয় সফরসূচি অনুযায়ী ঢাকায় আসছেন নাকভি, যিনি একইসাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি। এই সফরে বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নাকভির বৈঠক হতে পারে। নাকভির সফরসঙ্গী হিসেবে আসছে ১২ সদস্যের প্রতিনিধি দলও।
যদিও এই সফরে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটীয় কোনো এজেন্ডা নেই বিসিবি ও পিসিবির। তবে বিসিবির এড হক কমিটির প্রধান তামিম ইকবালের সাথে সাক্ষাৎ হওয়ার কথা আছে নাকভির।
ভারতে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছিল বাংলাদেশ, নিরাপত্তা ইস্যুতে। মূলত মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বিসিসিআইয়ের হস্তক্ষেপে বাদ দেয়ার জেরেই এই সিদ্ধান্ত নেন বিসিবি। বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তও নেয় পিসিবি।
সেবার বিসিবির তৎকালীন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, শ্রীলংকার রাষ্ট্রপতি ও আইসিসির প্রতিনিধি দলের সমঝোতার মাধ্যমে মাঠে গড়ায় ভারত-পাকিস্তান ম্যাচ। সেই ইস্যুতে আরো হৃদ্যতা বাড়ে বিসিবি-পিসিবির।


