২০২৪ সালের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাইম হাওলাদার (১৭) হত্যা ও তারেক চৌকিদার হত্যাচেষ্টা মামলায় পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ডেমরা জোনের সাব-ইনস্পেক্টর (নিরস্ত্র) নাজিম উদ্দিন ফকির আবেদনে উল্লেখ করেন, ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় গুলিতে নাইম হাওলাদার বাম কাঁধের সামনের দিকে গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওই দিনই চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ছাড়া যাত্রাবাড়ী এলাকায় বাসার ছাদে গুলিবিদ্ধ হন তারেক চৌকিদার নামে এক শিক্ষার্থী। এ ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায়ও আ স ম ফিরোজের যোগসাজশের অভিযোগ উল্লেখ করা হয়েছে।
আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, আ স ম ফিরোজ বর্তমানে যাত্রাবাড়ী থানার অন্য একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। নাইম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, অপর আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা প্রয়োজন।
আবেদনের শুনানি শেষে আদালত তাকে নাইম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এর আগে ২০২৪ সালের ২৩ আগস্ট রাজধানীর বনানী এলাকা থেকে আ স ম ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


