চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নরসিংদীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে সময় বাড়ানো হয়েছে। আগামী ২২ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, এ আদেশ দেয়। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরে প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে।
এদিন এ মামলায় গ্রেপ্তার তিনজনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন, সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী ও রবিউল ইসলাম।
এর মধ্যে সাইফুল ইসলাম আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন। তার জামিনের ওপরে ২৯ এপ্রিল শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।


