নরসিংদীর শিবপুর উপজেলায় প্রাইভেট কার ও ইজিবাইকের (বিভাটেক) সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের আশ্রাফপুর এলাকার কুমারটেক ও মনুরটেকের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবপুর উপজেলার সাতপাড়া গ্রামের আল আমিন শেখের ছেলে জুনায়েদ শেখ (১৩) এবং লাকুশী গ্রামের খোরশেদ শেখের ছেলে ইজিবাইক চালক রুবেল শেখ (১৯)। এই ঘটনায় জুনায়েদের মা মাহফুজা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মনোহরদী থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক রুবেল, যাত্রী জুনায়েদ ও তার মা মাহফুজা গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় রুবেল শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে সেখানে নেওয়ার পথে তিনিও মারা যান।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, ‘স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


