নরসিংদীর রায়পুরা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, আপন চাচা ও তার পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
শনিবার দুপুরে রায়পুরার চরসুবুদ্ধি ইউনিয়নের বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় মৃত আবু তাহের মিয়ার দুই ছেলে হুরুন আলী ওরফে হুরা (৪০) এবং শাকিল মিয়া (২২)। তারা পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
নিহতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, পিতৃহীন দুই ভাইয়ের আধা গণ্ডা (প্রায় এক শতাংশ) জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের চাচা আওয়াল মিয়ার সঙ্গে বিরোধ চলে আসছিল।
আওয়াল মিয়া দাবি করেন, ২০ বছর আগে আবু তাহের মিয়া ১ হাজার ৮০০ টাকা ধার নেওয়ার সময় ওই জমি তাকে লিখে দিয়েছিলেন। তবে সালিস বৈঠকে তিনি কখনো দলিল দেখাতে পারেননি।
এ নিয়ে কয়েক দফা গ্রাম্য সালিসে রায় হয় হুরুন ও শাকিলের পক্ষে। কিন্তু সেই রায় মানতে না পেরে আওয়াল মিয়া, তার দুই ছেলে শিপন মিয়া ও রিপন মিয়া জমিটি নিজের দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দুপুরে আওয়াল মিয়া, শিপন ও রিপন মিলে জমি দখল করতে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ১০ থেকে ১২ জন মিলে দা ও লাঠি নিয়ে দুই ভাইয়ের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তারা রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
প্রতিবেশীরা গুরুতর আহত দুই ভাইকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদা গুলশানারা কবির বলেন, ‘দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। একজনের হাতে ও পেটে, অন্যজনের পিঠে ও পেটে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল।’
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, ‘প্রাথমিকভাবে পারিবারিক জমি বিরোধ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’


