বিশ্বকাপ ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা নিউজিল্যান্ডের ডিফেন্ডার টিম পেইন তার এই নতুন খ্যাতিকে দারুণভাবে কাজে লাগিয়েছেন। প্যারাগুয়ের অন্যতম শীর্ষ পরাশক্তি ‘ক্লাব অলিম্পিয়া’র সঙ্গে চুক্তি করার কথা শুক্রবার নিশ্চিত করেছেন তিনি।
পেইনের বর্তমান ক্লাব ‘ওয়েলিংটন ফিনিক্স’ প্যারাগুয়ের ৪৮ বারের চ্যাম্পিয়ন দলটির কাছে তাকে বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুই ক্লাবের সমঝোতায় ট্রান্সফার ফির অঙ্ক গোপন রাখা হয়েছে।
৩২ বছর বয়সী এই বহুমুখী খেলোয়াড় মূলত বিশ্বকাপের ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি তারকা বনে যান। আর্জেন্টিনার ইনফ্লুয়েন্সার ‘এল স্কারসো’ বিশ্বকাপের ‘সবচেয়ে কম ফলোয়ার থাকা’ খেলোয়াড়ের ফলোয়ার বাড়ানোর এক অভিনব উদ্যোগ নেওয়ার পর থেকেই মূলত আলোচনা শুরু হয়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে টিম পেইনের ইনস্টাগ্রাম ফলোয়ার ৪ হাজার থেকে বেড়ে ৫০ লাখ ছাড়িয়ে যায়, যা বর্তমানে প্রায় ৬০ লাখের কাছাকাছি!
শুক্রবার বিদায়ী এক পোস্টে পেইন বলেন, ‘সিদ্ধান্তটি সহজ ছিল না। ওয়েলিংটন ফিনিক্সে সাত বছর কাটালাম, খেলেছি ১৪৯টি ম্যাচ। আমার ক্যারিয়ারের উত্থান-পতনের পুরোটা সময় যারা পাশে ছিলেন–সেই সমর্থক, সতীর্থ এবং সবাইকে ধন্যবাদ।’
প্যারাগুয়ের শীর্ষ লিগে খেলার সুযোগ নিয়ে উচ্ছ্বসিত পেইন আরও যোগ করেন, ‘দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ আসর–কোপা লিবার্তাদোরেস এবং কোপা সুদামেরিকানায় নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাওয়া একজন পেশাদার ফুটবলার হিসেবে আমার জন্য অন্যতম সেরা এক সুযোগ।’
মজার বিষয় হলো, পেইনের সেই বিদায়ী পোস্টে প্রথম মন্তব্যকারীদের একজন ছিলেন সেই ইনফ্লুয়েন্সার ‘এল স্কারসো’। তিনি পেইনের পোস্টে মন্তব্যের ঘরে উৎসাহ দিয়ে লেখেন, ‘শুভকামনা ভাই।’
চলমান বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে মাঠে নেমেছিলেন পেইন। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত সেই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ‘জি’ গ্রুপে নিউজিল্যান্ডের পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে মিশর ও বেলজিয়ামের বিরুদ্ধে।


