আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ ও নড়াইল-২ সংসদীয় আসনে তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এ দুটি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি এবং স্বতন্ত্রসহ মোট ১৫ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. আ. ছালেক জানান, মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নড়াইল-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমান, স্বতন্ত্র প্রার্থী গাজী মাহাবুয়াউর রহমান এবং নড়াইল-২ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল হান্নান সরদার তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের পর নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দলন বাংলাদেশের আব্দুল আজিজ, জাতীয় পার্টির মো. মিল্টন মোল্যা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বি এম নাগিব হোসেন, এস. এম. সাজ্জাদ হোসেন এবং সুকেশ সাহা আনন্দসহ সাত প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামীর আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা তাজুল ইসলাম, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, গণঅধিকার পরিষদের (জিওপি) নুর ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. শোয়েব আলী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মনিরুল ইসলাম ও ফরিদা ইয়াসমিনসহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আট প্রার্থী।


