নড়াইলের লোহাগড়ায় নবগঙ্গা নদীতে পড়ে নিখোঁজের ছয় দিন পর এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কোটাকোল ইউনিয়নের বড়দিয়া-মঙ্গলপুর এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বড়দিয়া নৌ-পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম মনোজ পাইক (৪৫)। তিনি খুলনার দিঘলিয়া উপজেলার কামারগাতী গ্রামের সুনীল পাইকের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি রাতে ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে নড়াইলের কালিয়া উপজেলায় কাঞ্চনপুর ঘাটে একটি চলন্ত ট্রলার থেকে নবগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ হন মনোজ পাইক। তার মৃগী রোগ ছিল। বৃহস্পতিবার দুপুরের দিকে নবগঙ্গা ও মধুমতী নদীর সংযোগস্থলে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে বড়দিয়া নৌ-পুলিশকে খবর দেওয়া হয়। নৌ-পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে। এরপর খবর পেয়ে বিকেলে মনোজের পরিবারের সদস্যরা মরদেহটি দেখে পরিচয় নিশ্চিত করেন।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। মনোজের পরিবারের সদস্যরা মরদেহের পরিচয় শনাক্ত করেছেন।
অহিদুর রহমান আরও জানান, মরদেহটি লোহাগড়া থানায় পাঠানো হয়েছে। থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করবে।


