নওগাঁয় চার দলের লড়াই শেষে বেসবল-৫ এর বিজয়ী ‘মেঘনা’

নওগাঁয় চার দলের লড়াই শেষে বেসবল-৫ এর বিজয়ী ‘মেঘনা’
ট্রফি হাতে বিজয়ী দল মেঘনা। ছবি: বিবিএসএ
Advertisement
Advertisement

নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ি স্পোর্টস ফিল্ডে শনিবার দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব বিজয় দিবস বেসবল-৫ চ্যাম্পিয়নশিপ ২০২৫’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের (বিবিএসএ) আয়োজনে এবং নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মেঘনা দল।

প্রতিযোগিতায় পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা এই চারটি দল অংশগ্রহণ করে। ছেলে ও মেয়ে মিলিয়ে মোট ৩৬ জন খেলোয়াড় নক-আউট পদ্ধতিতে একে অপরের মোকাবিলা করেন। প্রথম সেমিফাইনালে সুরমা দলকে ৫-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে মেঘনা। এই ম্যাচে বিজয়ী দলের ফাতেমা ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দ্বিতীয় সেমিফাইনালে যমুনাকে ২-১ ব্যবধানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে পদ্মা দল। পদ্মার পারভেজ এই ম্যাচের সেরা খেলোয়াড় হন।

বিকেলে অনুষ্ঠিত চূড়ান্ত লড়াইয়ে পদ্মা দলকে ৯-০ ব্যবধানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করে মেঘনা দল। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মেঘনার হৈমন্তী সেরা খেলোয়াড় নির্বাচিত হন। টুর্নামেন্টে যমুনা তৃতীয় এবং সুরমা চতুর্থ স্থান অধিকার করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেডো বাংলাদেশ-এর রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপক জনাব কামরুজ্জামান শাহীন। বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দিয়ে তিনি বলেন, ‘তারুণ্যকে ক্রীড়ার মাধ্যমে গড়ে তুলতে বেসবলের মতো খেলাগুলোর বিস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

টুর্নামেন্টটি পরিচালনায় আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন বিবিএসএ-এর কোচ ও সংগঠক মোঃ আলী ইমাম হোসেন এবং নাঈমুল হক। বিবিএসএ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশব্যাপী বেসবলের এই সংস্করণকে জনপ্রিয় করতে নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad