জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ দল বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি) বিলুপ্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়ে ধানের শীষ নিশ্চিত করলেন দলটির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।
সোমবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
বিএনপির নেতৃত্বাধীন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র ১২ দলীয় জোটের অন্যতম শরিক ছিল বিএলডিপি। সে বিবেচনায় অনেক আগে বিএনপির পক্ষ থেকে তাকে সবুজ সংকেত দেওয়া হয়েছিল।
আনুষ্ঠানিক যোগদানের পর সেলিম জানান, আমাদের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছি।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হবেন বলেও জানান।
সেলিমকে স্বাগত জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আসন্ন নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে ধানের শীষের কাণ্ডারি হচ্ছেন সেলিম। তিনি এই আসন থেকে বিএনপির প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’
বিলুপ্তকৃত বিএলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটু জানান, কেন্দ্রীয় কমিটির ১১১ সদস্য আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ এলডিপি সংগঠন হিসেবে বিলুপ্ত হলো।
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।


