ধর্মের নামে প্রতারণা করছে একটি দল: সালাহউদ্দিন

ধর্মের নামে প্রতারণা করছে একটি দল: সালাহউদ্দিন
মঙ্গলবার সকালে বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডি থেকে নেওয়া
Advertisement
Advertisement

একটি দল ‘ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে তারা ঠিক কোন দল, তা উল্লেখ করেননি তিনি।

তিনি বলেন, ‘আমরা কেবল ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের সুষ্ঠু পরিকল্পনা কী আছে, সেটা জনগণের সামনে রাখা। ধর্ম ব্যবসায়ীরা তরতরাইয়া জান্নাতে যাওয়ার কথা বললেও মানুষ দুনিয়ায় কীভাবে চলবে, তাদের সে পরিকল্পনা নেই।’

মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ কথাগুলো বলেন।

তিনি আরও বলেছেন, যে দলের কোনো নীতি-আদর্শ নেই, পরিকল্পনা নেই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করার পরিকল্পনা করছে। তাদেরকে জনগণ ইতোমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, ‘আপনাদের প্রথমেই বলতে হবে, যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন সেটার বাসস্ট্যান্ড কোথায়, একটু জেনে নেবেন। জনগণ এগুলো বোঝে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা বিএনপি যা করছি, সেগুলো হচ্ছে পরিকল্পনা। কারণ, যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি, তাহলে আমরা ফেইল করার জন্যই পরিকল্পনা করলাম। এই কথা আমাদের ধর্ম ব্যবসায়ীদের উদ্দেশে বলা হয়ে গেল মনে হয়।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘আমরা দেশের মানুষের কাছে সমর্থন চাইছি, ভোট চাইছি। জনগণ আমাদের কাছে কী চায়-তা আমাদের দিতে হবে।’

দেশের জন্য বিএনপির অতীত ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘নিরক্ষরতা দূর করতে গণশিক্ষা কার্যক্রম চালু করেন জিয়াউর রহমান। তবে পরবর্তীতে এরশাদ তা বিলুপ্ত করেন। যতদিন পর্যন্ত আমরা পুরোপুরি অক্ষরজ্ঞান না হতে পারব, ততদিন চেষ্টা করতে হবে।’

ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্বাস্থ্য কার্ডের মত বিষয়গুলো তৃণমূল পর্যায়ের মানুষের কাছে সহজভাষায় তুলে ধরতে ছাত্রদলের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মাস্টার ট্রেইনাররা কীভাবে ট্রেনিং দেবেন, জানি না। আমি মনে করি সহজভাবে তাদের বিএনপির দেশ গড়ার পরিকল্পনাগুলো বলতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘শুধুমাত্র গুলিস্থান থেকে পুরানা পল্টন মানি না, মানি না স্লোগান দিলে হবে না। যখন বিরোধীদলেও থাকব, তখনো আমাদের জ্ঞানভিত্তিক সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে।’

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীদের আরও বেশি সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad